নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বসুরহাট থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ শপথ নেবেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এই অনুষ্ঠানে যাওয়ার পথে আজ ভোরে ফেনীর জেলার দাগনভূঞা বাজারে আব্দুল কাদের মির্জার গাড়িবহরে ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

আব্দুল কাদের মির্জা মোবাইল ফোনে গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই হামলার প্রতিক্রিয়া জানাতে কিছুক্ষণের মধ্যে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসবেন।

পরে ৯টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে আব্দুল কাদের মির্জা অভিযোগ করেন, “শপথের জন্য চট্টগ্রাম যাওয়ার পথে আমাকে হত্যার উদ্দেশ্যে ফেনীর নিজাম উদ্দিন হাজারী ও নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসীরা ভোর ৬টা ১৫মিনিটে দাগনভূঁঞা বাজারে আমার গাড়িবহরে হামলা করে।” তিনি জানান, আজ রাত ৮টায় ফেসবুক লাইভে এসে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবেন।

এমবি