বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ রোববার দুপুরে বার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে খন্দকার মাহবুব বলেন, সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে বার কাউন্সিল, জাতীয় প্রেসক্লাব, মানবাধিকার সংস্থার সদস্যদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠণ করতে হবে।
স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সংস্থার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করার জন্য আমরা বাধ্য হব।
লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব আরও বলেন, দেশে আজ বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন ভয়াবহ আকারে দেখা দিয়েছে।
তিনি বলেন, বিরোধী দলকে নির্মূল করার জন্য সরকার ৫ জানুয়ারির নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত এই হিংসাত্মক ও মানবতাবিরোধী কার্যক্রমে নীরব ভূমিকা পালন করছে।
বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা থেকে প্রকাশিত তথ্য-উপাত্ত তুলে ধরে খন্দকার মাহবুব বলেন, ২০০৯ সালে ২২৯, ২০১০ সালে ১৩৩, ২০১১ সালে ১০০, ২০১২ সালে ৯১, ২০১৩ সালে ৭১ ও ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী দাবি করেন, এ ছাড়া আরও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যা এখন প্রকাশের অপেক্ষায়। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে বিরোধী মতবাদের ছাত্র ও সাধারণ ছাত্রদের ওপর নির্বিঘ্নে বর্বরোচিত হামলা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকনসহ আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবীরা।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
রাজনীতি
বিচারবহির্ভূত হত্যা তদন্তে উচ্চ কমিটি দাবি খন্দকার মাহবুবের
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ রোববার দুপুরে বার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।





