দেশবরেণ্য কবি, সাংবাদিক ও কলামনিস্ট ফরহাদ মজহারকে নিজ জিম্মায় ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে তিনি তাকে নিজ জিম্মায় ছেড়ে দেয়ার আবেদন করার পর আদালত এই নির্দেশ দেন। মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবিব তাকে বিশেষ পুলিশি ব্যবস্থায় বাড়ি পাঠানোর নির্দেশও দিয়েছেন।
এর আগে নিজেকে অপহরণের বিষয়ে একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কবি ফরহাদ মজহার।
আজ (০৪ জুলাই) বেলা ৩টার কিছু আগে তাকে সিএমএম আদালতে নেয়া হয়। ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব ভিকটিম হিসেবে তার জবানবন্দি নিচ্ছেন। আদালতে হাজির করে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হবে বলে এর আগে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
গতকাল সোমবার সকালে শ্যামলির বাসা থেকে অপহৃত হন ফরহাদ মজহার। ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরের একটি যাত্রীবাহী বাস থেকে পুলিশ তাকে উদ্ধার করে। আজ মঙ্গলবার সকালে ঢাকার আদাবর থানায় আনার পর সেখান থেকে নেয়া হয় তেজগাঁও ডিসি অফিসে। এরপর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে।
ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর এক প্রেস ব্রিফিংয়ে আবদুল বাতেন জানিয়েছিলেন, ফরহাদ মজহারকে আদালতে হাজির করা হবে। তারপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল সোমবার রাতে আদাবর থানায় অপহরণের একটি মামলা করেছিলেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার।
উল্লেখ্য, রোববার (০২ জুলাই) ভারতে গো রক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন ফরহাদ মজহার। সংবাদ সম্মেলনের ১৬ ঘণ্টা পরে অপহৃত হন ফরহাদ মজহার।
এমবি





