সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তিনি।

জিয়া ছিলেন বাংলাদেশের অষ্টম রাস্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে।

জিয়া ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়া ছিলেন দ্বিতীয়।

প্রতিবছর ৩০ মে তারিখকে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে এ বছর ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো।

এর মধ্যে রয়েছে আজ সকাল ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। একইভাবে সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এমএনজে