মধ্যবর্তী নির্বাচন না দিলে আওয়ামী লীগের মধ্যবর্তী সর্বনাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার বেলা ৩টা ২০ মিনিটে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক সমাবেশে বলেছেন ৭৪ এর নির্বাচন একটি দল বানচাল করতে চেয়েছিলো কিন্তু পারেনি। তারপর গত ৫ জানুয়ারির নির্বাচনও ওই দলটি বানচাল করতে চেয়েছিলো কিন্তু পারেনি। রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
রিজভী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশাল কায়েম করে দেশে লুটপাট শুরু করেছিলো। কিন্তু এদেশের জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেয়নি। তিনি বলেন, ৭৪-এর কায়দায় গত ৫ জানুয়ারিও নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় আসছে। কিন্তু জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায় না। এদেশের জনগণ আপনাদের ক্ষমতায় থাকতে দেবে না।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন অবৈধ, এ সরকার অবৈধ। এ অবৈধ সরকারের মুখে গণতন্ত্র মানায় না। তারা আবার গণতন্ত্রের কথা বলেন। তারা অবৈধভাবে ক্ষমতায় এসে চালিয়ে যাচ্ছে খুন, গুম হত্যার মতো জঘন্যতম কার্যক্রম। তারা বিরোধী দলের মুখ বন্ধ করতে চায়। বিরোধী দলের নেতাকর্মীদের নানা রকম মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখছেন।
রিজভী বলেন, এ সরকার জনগণের মুখের ভাষা না বুঝে অন্ধকার পথে হাঁটছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি প্রমুখ।
জেআই





