আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ।   

মঙ্গলবার (০১ মে) রাজধানীতে সকাল ১০টায় ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারী মুজিবুর রহমান ভুঁইয়া।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমেরিকার শিকাগো শহরে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ১২৮ বছর পরেও শ্রমজীবি মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের মর্যাদা রক্ষার জন্য রাসূল (স.) -এর তাগিদ বাস্তবায়নের মধ্যেই শ্রমজীবী মানুষের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত।”

তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কলকারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে মালিক-শ্রমিক দ্বন্দ্ব এক ভয়াবহ রূপ লাভ করেছে। একমাত্র ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমে শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি আসতে পারে। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।” তিনি ইসলামী শ্রমনীতির আন্দোলন জোরদার করতে শ্রমিক জনতার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী জাকির আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই সব তথ্য জানানো হয়।  সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা আতীকুর রহমান, মোশাররফ হোসেন, আব্দুল্লাহ বাসির, এডভোকেট জাকির হোসেন, আবুল হাশেম প্রমুখ নেতৃবৃন্দ। র‌্যালীটি রাজধানীর কাকরাইল মোড় থেকে শূরু করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।  

মুজিবুর রহমান ভুঁইয়া আরও বলেন, “বাংলাদেশে শ্রমজীবী খেটে খাওয়া অসহায় মানুষের আজ বড়ই দুর্দিন চলছে। তাদের মুখের প্রতিবাদটুকু এই সরকারের পেটুয়া বাহিনী কেড়ে নিয়েছে। শ্রমজীবী মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জীবনের বিনিময়ে ক্ষমতার হাত বদল হয়, ক্ষমতার সিড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সে শ্রমজীবি মানুষকে তাদের লাঞ্ছিত ও অবহেলিত হতে হয়। ”

“স্বল্প আয়ের এসব অসহায় শ্রমিকরা তাদের ছেলেমেয়ে নিয়ে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। গার্মেন্টস-এর মহিলা শ্রমিকদের জীবন ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিনের দিনমজুর মানুষের দীর্ঘ সারির চিত্র দেখে আঁৎকে উঠতে হয়। অনেক শ্রমিক মাসের পর মাস বকেয়া বেতন না পাওয়ায় এবং বিনা কারণে চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আর অন্যদিকে লুটেরা গোষ্ঠি জাতীয় সম্পদ লুটপাটের মহোৎস চালাচ্ছে” বলেছেন মুজিবুর রহমান ভুঁইয়া।

তিনি অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের এবারের ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্যদিয়ে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় লুটেরা শ্রেণীর বিরুদ্ধে শ্রমজীবী মানুষের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। 

এমবি