রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (২৩ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের একটি দল।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তরের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় তিনটি মামলা হয়েছে। দুটি মামলা করে মেট্রোরেল কর্তৃপক্ষ ও একটি মামলার বাদী পুলিশ। ওই ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এর আগে গত ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
পুলিশের লাঠিপেটা, কাঁদানেগ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ ১৮-২০ আহত হন। অন্যদিকে এই ঘটনায় ১০-১৫ জন পুলিশ সদস্যও আহত হন বলে জানায় পুলিশ।
ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় ১৭ আগস্ট রাতেই তিনটি মামলা দায়ের করা হয় বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী। তিনি বলেন, “মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।”
এমবি





