চক্রান্তকারীদের সঙ্গে আপস করে অবৈধ সরকার ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার অত্যন্ত সচেতনভাবে যারা ১/১১ তে চক্রান্ত করেছে তাদের সঙ্গে আপোষ করে ক্ষমতায় আছে।

এদের সঙ্গে জনগণ নেই বন্দুকের নলের জোরে তারা ক্ষমতায় আছে। আজ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যান পার্টির ত্রিবার্ষিকী ৪র্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের রাজনীতিকে কবর দেয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন আর কোন রাজনীতি নেই। সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়া হয়েছে। একটি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সবসময় অবলীলায় মিথ্যা বলেন।

গতকালও তিনি বলছেন বিএনপির বিরুদ্ধে কোন মামলাই মিথ্যা নয়। এগুলো কি কেউ বিশ্বাস করে? আজকে সারাদেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা।

তিনি বলেন, নির্বাচনের আগে যখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি বলেছিলেন আপনাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দেয়া হয়েছে, সেগুলোর তালিকা দেন।

আমরা দেয়ার পরে কি দেখলাম? সেই মামলার তালিকা ধরে ধরে আমাদের নেতাকর্মীদেরকে আরও বেশি গ্রেপ্তার করা হলো, গায়েবী মামলার পরিমাণ আরও বেড়ে গেলো। এই হলো অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর আশ্বাস।

বেগম জিয়ার শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে দলটির মহাসচিব বলেন, জেগম জিয়া অত্যন্ত অসুস্থ তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তিনি হাটতে পারেন না, ঠিক মতো খেতে পারছেন না। তারপরও সরকার তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়নি। আজকে তারা শুধু ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান ও মানবাধিকার লঙ্গন করছে।

নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি মন্তব্য করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে কে বলেছে আমাদের পরাজয় হয়েছে? পরাজিত হয়েছে তো আওয়ামী লীগ। তারা এখন জনগন থেকে সম্পন্ন বিচ্ছিন্ন।

আমরা এখন জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তোলে এই যে আমাদের বুকের ওপর যে জবরদল পাথর, দানব বসে আছে তাদেরকে সরিয়ে দেবো।

২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে কোন ফাটল নেই জানিয়ে তিনি আরও বলেন, আমাদের মধ্যে কোন সমস্যা নেই, আমাদের ঐক্য সুদৃঢ় আছে।

প্রধান আলোচকের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, সেই গণতন্ত্র আজ আর নেই। গণতন্ত্রের বাহন হল নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক সমাজে জনগণ তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেন। তারা সরকার চালায়।

কিন্তু আমরা সবাই জানি গত ৩০ ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯ ডিসেম্বর রাতে। এই নির্বাচনে জনগণ ভোট দেয় নাই। ভোট দিয়েছে সরকারি কর্মচারী কিছু আর আওয়ামী লীগের কর্মীরা। আর তাদের পাহারা দিয়েছে পুলিশ, বিজিবি এবং র‌্যাব। 

তিনি বলেন, নির্বাচনে জনগণ ভোট দেয় নাই। ফলে আজকে যারা নির্বাচিত হয়েছেন, তারা জনগণের ভোটে নির্বাচিত নন। আর যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতায় থাকেন, তাদেরকে বৈধ সরকার বলার কোন যুক্তিগত কারণ নেই। এই একটা অবস্থায় আমরা যখন, তখন আমাদের ওপর নতুন আরও সমস্যা সৃষ্টি হবে।

নজরুল বলেন, আজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেত্রী এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর যিনি আপসহীন লড়াই করেছেন। সে আপোষহীন দেশনেত্রী গণতন্ত্রের মা বাংলাদেশের কোটি কোটি মানুষের মা বেগম খালেদা জিয়া অসুস্থ। এত অসুস্থ হওয়ার কথা ছিল না তার।

তাকে একটি পরিত্যক্ত কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে রাখার কারণেই এবং তাকে উপযুক্ত চিকিৎসা না দেয়ার কারণে আজকে তিনি মৃত্যুর পথ গুনছেন। মৃত্যুর ভয় তিনি কোনদিন করেন নাই। 

কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে এ সময় বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

এমআর