মুসলিম লীগের ৮ম জাতীয় কাউন্সিল অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ডাঃ অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নির্বাচনের নামে সরকার এবং নির্বাচন কমিশন যা করেছে এবং করছে তাতে আমি লজ্জিত, জনগন লজ্জিত, জাতি লজ্জিত। নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন দিয়ে জাতিকে এ লজ্জা থেকে মুক্ত করার দায়িত্ব সরকারের।

আজ সকালে কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে দুই মুসলিম লীগ একত্রিকরণ কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ নেতা আব্দুল আজিজ হাওলাদার।

সম্মেলনটি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও বি.এন.পি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্রিগেডিয়ার (অবঃ) আ.স.ম হান্নান শাহ বলেন, মুসলিম লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক প্রতিষ্ঠান। বৃটিশ শাসিত ভারতের পশ্চাৎপদ ও বঞ্চিত মুসলমানদের প্রয়োজনে ঢাকার নবাব সলিমুল্লাহ বাহাদুর ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ গঠন করেন। এ দেশের উল্লেখযোগ্য সকল রাজনীতিবিদদের দল ছিলো মুসলিম লীগ। এ দলের ঐতিহাসিক অবদান অনস্বীকার্য।

একত্রীত হওয়া দুই দলের অন্যতম বাংলাদেশ বাংলাদেশ মুসলিম লীগ বি.এম.এল এর ভারপ্রাপ্ত সভানেত্রী জোবায়েদা কাদের চৌধুরী বলেন, রাষ্ট্রের এবং ব্যাংকের টাকা অবাধে লুণ্ঠন হচ্ছে। সরকারের এ ব্যাপারে কার্যকর কোনো তৎপরতা নেই। অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে লুণ্ঠিত পাচারকৃত অর্থ ফেরত আনার দাবী জানান।

সভার সভাপতি আবদুল আজিজ হাওলাদার বলেন, দুই মুসলিম লীগ একত্রিত হওয়ার ঘটনা জনগনকে সন্তুষ্ট ও উদ্বেলিত করবে। দেশ ও জাতির প্রয়োজনে মুসলিম লীগ অতীতের মত দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ।

সন্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, মুসলিম লীগ বি.এম.এল এর মহাসচিব আতিকুল ইসলাম, দলে সদ্য যোগদানকারী জাতীয় পার্টির সাবেক এম.পি বদরুদ্দোজা আহমেদ সুজা আকবর হোসেন পাঠান, এস.আই ইসলাম মিলন, আনোয়ার হোসেন আবুড়ি, ডাঃ হাজেরা বেগম, শহীদুল্লাহ খালাসী, চট্টগ্রামের মুর্তজা আলী চৌধুরী, সিলেটের আখলাক চৌধুরী, শেখ এ সবুর, শেখ আবদুল কাইয়ূম, শহুদুল হক ভূঁইয়া প্রমুখ। আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে বক্তব্য রাখেন আবদুর লতিফ নিজামী, এ.টি.এম হেমায়েত উদ্দিন, এডভোকেট আবদুর রকিব প্রমুখ।

কাউন্সিলে দুই অংশকে একীভূত করে জোবায়েদা কাদের চৌধুরীকে সভাপতি ও কাজী আবুল খায়েরকে মহাসচিব নির্বাচন করা হয়। পাশাপাশি নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করার জন্য দায়িত্ব অর্পণ করে কাউন্সিলরবৃন্দ।

এআই