বাংলাদেশের বিদ্যমান সমস্যা সমাধানে সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে সরকারকে দ্রুত জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে দুর্নীতির মাত্রা চরম আকার ধারণ করেছে। জনগণের ওপর অত্যাচারের মাত্রাও সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। লুটপাট-দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যখাতে বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার অনুধাবন করে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার যত দ্রুত সম্ভব সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অলি আহমদ বলেন, বাংলাদেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এখন জীবন-জীবিকার জন্য কঠোর সংগ্রাম করছে। আরেক শ্রেণির মানুষ মদ ও গাঁজা খেয়ে জীবনযাপন করছে। করোনার অজুহাতে অনেকে আজ নিজের অফিসে পর্যন্ত যায় না। দেশের অনেক ভূমি অফিসে আজ খাজনা পর্যন্তও নিচ্ছে না। অথচ আমরা সব সময় অন্য দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশকে সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্য বলে উল্লেখ করি।

তিনি আরও বলেন, দেশ আজ যে ভয়াবহ সমস্যা অতিক্রম করছে- সে বাস্তবতা সম্পর্কে আমরা অনেকেই অবহিত নই। বিদ্যমান সমস্যা সমাধানে তিনি যত দ্রুত সম্ভব যোগ্য, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান।

হোসাইন নূর