বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অবৈধ স্বৈরাচারি শাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের উপর নিপীড়ন অব্যাহত রেখেছে। সিটি কর্পোরেশন নির্বাচনে পুলিশ দিয়ে ব্যালটে ছিল মেরে জনগণের ভোটাধিকার হত্যা করেও তাদের ষড়যন্ত্র থামেনি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীসহ বিরোধী দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্টদের তালিকা ধরে ধরে বাসায় বাসায় পুলিশী তল্লাশী চালানো হচ্ছে এবং তাদের মোবাইল ফোনে হুমকি দেয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রচারণায় বাধা, অপপ্রচার, হামলা, গ্রেফতার, ভোটের দিন গণহারে জালভোট, পোলিং এজেন্টদের বের করে দেয়া ও মারধর এবং নির্বাচনে সাজানো রায় ঘোষণার পরও নির্বাচন কমিশন সরকারীদলের আজ্ঞাবহ দাসত্ব থেকে মুক্ত হতে পারেনি।

খান বলেন, নির্বাচনের দিন অন্যায়ভাবে আটক পোলিং এজেন্টদের মুক্ত করতে তারা প্রশাসনকে কোন ধরনের নির্দেশ দেয়নি। এমনকি এখনও জামায়াতসহ বিরোধী প্রার্থীদের পোলিং এজেন্টদের আটক ও হয়রানী করতে তাদের বাসায় পুলিশ হানা দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের কাছে দেয়া পোলিং এজেন্টদের তালিকা কিভাবে স্থানীয় থানা ও শাসকদলীয় ক্যাডারদের হাতে তুলে দেয়া হল এর জবাব কমিশনকেই দিতে হবে।

তিনি অবিলম্বে পোলিং এজেন্টসহ বিরোধী জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানী বন্ধ করার দাবী জানান।

এমকে