কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ১০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।
তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৮ হাজার ২৬১ ভোট।
বৃহস্পতিবার মনিরুল হক সাক্কুর কন্ট্রোলরুম থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল ভালো।
বৃহস্পতিবার রাত ৯টার পরে সাক্কুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মণ্ডল।
মোট ১০৩টির মধ্যে ঘোষিত ১০১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী পেয়েছেন ৬৮,৯৪৮ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৫৭,৮৬৩ ভোট।
অনিয়ম ও সহিংসতার কারণে ১০৩টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত দুটি কেন্দ্রের ভোট ৫,২৫৫ যা দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে কম।
এর আগে বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
এমই/কেবি





