বিএনপির সরকার পতন আন্দোলনের মতই তিস্তা আন্দোলনও ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলনে কোনো সাফল্য নেই বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে পাবনার চাটমোহরের হান্ডিয়াল-হামকুরিয়া মহাসড়ক ও ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন,এটাকে আবার কূটনৈতিক সফলতাও বলা যায় না। এসব যারা বলে তাদের মধ্যে এক ধরনের অজ্ঞতা কাজ করেছে। তাছাড়া আন্দোলন করে সরকার পতন ঘটানোর শক্তি,সাহস ও সামর্থ কোনোটাই বিএনপির নেই।
তিনি বলেন,বিএনপির এই লংমার্চে ১০-১৫টা গাড়ি এবং হাতে গোনা অল্প কিছু মানুষ ছাড়া জনগণের সম্পৃক্তা ছিল না। বিএনপির অনেক নেতাকর্মীই এতে সাড়া দেয়নি। এমনকি লংমার্চে বিএনপি নেত্রী খালেদা জিয়াও যোগ দেননি।
তিস্তার পানি হঠাৎ আসলো আবার চলে গেল। এটা কি বিএনপির আন্দোলনের ফসল নাকি সরকারের কূটনৈতিক সাফল্য? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,এটি বিএনপির আন্দোলনের ফসল বা সরকারের কূটনৈতিক সাফল্য কোনোটিই বলা যাবে না। যারা এ বিষয়টি নিয়ে বলেন,সেটি তাদের অজ্ঞতা।
মন্ত্রী আরও বলেন,যমুনা নদীর পাটুরিয়া-নগরবাড়ী-দৌলতদিয়া রুটে ওয়াই টাইপের তৃতীয় যমুনা সেতু করার ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে। এছাড়া সড়ক-মহাসড়কে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল রোধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তার সঙ্গে  উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন,সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম,পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন,পাবনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার,চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো,উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম,ধ্রুব কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরীসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]