ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, হত্যা-গুম, জুলুম-নির্যাতন আর অপপ্রচার চালিয়েও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে না পেরে শিবিরকে নিয়ে দেশ বিদেশে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই বাতিলের ষড়যন্ত্র মোকাবেলায় যে কোন পরিস্থিতিতে সংগঠনের সদস্যদের সাহসিকতা ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।  
বৃহস্পতিবার  ছাত্রশিবির ঢাকা অঞ্চল উত্তরের আঞ্চলিক সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা বিরাজ করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। গণতন্ত্র নিয়ে দেশের মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। কাজেই আজ আবার সময় এসেছে তরুণদের গর্জে উঠার। তরুণদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে দেশের এই ক্রান্তিলগ্নে ছাত্রশিবিরকেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
ঢাকা মহানগরী উত্তর শিবির সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি এম ফয়সাল পারভেজের পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]