গত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠকের বিষয়টি তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মেয়র মোহাম্মদ হানিফ স্মরণ সভা ও চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

বৈঠককারীর সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনারা সরকার ও রাষ্ট্রের কর্মকর্তা। অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার অধিকার আপনাদের আছে। তবে সরকারের প্রশাসনিক কর্মকর্তা হয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করতে গোপন বৈঠক করবেন তা হতে পারে না। প্রসাশনের কাজ জনগণের সেবা করা। গভীর ষড়যন্ত্র করা নয়।

তিনি বলেন, এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হচ্ছে খালেদা জিয়া। তাই তাকে প্রধান আসামি করে আগামী রোববারের মধ্যে এদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া প্রয়োজন।

সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া দলের প্রতি বিশ্বাস ও আস্থা হারিয়ে কিছু আমলাদের নিয়ে একটি বৈধ্য সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে করছে। তার বিরুদ্ধে করা অরফানেজ মামলার রায়ের সময় যতই এগিয়ে আসছে, তার ষড়যন্ত্রের মাত্রা ততই বেড়ে যাচ্ছে। তাই সরকারকে আর ও সতর্ক হতে পরামর্শ দেন সুরঞ্জিত।

টিআইবির খাতায় বাংলাদেশ দূর্নীতিতে একধাপ এগিয়েছে। এ ব্যাপারে বিরোধী রাজনৈতিক দলের উচ্ছাসিত হয়ে এমন ভাব দেখায়, তারা যেন গঙ্গার জলে ধোয়া তুলসী পাতা। অন্যদিকে সরকারের মন্ত্রীরা এটাকে অস্বীকার করে দূর্ণীতির পক্ষ নেয়া সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এমআর/ এআর/এসএইচ