নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহনে একটি প্রতিনিধিত্বমূলক আগাম নির্বাচনের দাবিতে দেশব্যাপি জনসম্পৃক্ততা বাড়াতে গণসংযোগে নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর অংশ হিসেবে বুধবার বগুড়ার উদ্দেশ্যে নিজের গুলশানের বাসভবন থেকে বিকেল ৪টা ২০ মিনিটে  রওনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নীলফামারী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি প্রধান।

যাত্রা পথে বিভিন্ন স্পটে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তাকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে কর্মী সমর্থকদের ঢল নেমেছে। হাজার হাজার ব্যনার, ফেস্টুন নিয়ে বেলা ৩টা থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন তারা। বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলছে বিরামহীন মাইকিং। অনেক স্থানে ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে বরণ করে নিচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা।

যাত্রাপথে আবদুল্লাহপুর, দক্ষিনখান থানা, টঙ্গী ব্রিজ, টঙ্গী থানা (এস এম শাহান শাহ আলমের নেতৃত্বে), এয়ারপোর্ট থানা (যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে), টঙ্গী মিল গেট (আরিফ হাওলাদারের নেতৃত্বে), চেরাগআলী (হাসান সরকারের নেতৃত্বে), টঙ্গী কলেজগেটসহ বিভিন্ন স্পটে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন।

 খালেদা জিয়ার গাড়িবহর গাজীপুরের চান্দনা চৌরাস্তা অতিক্রম করেছে। সন্ধ্যা ৬টার কিছু আগে অতিক্রমকালে এ বহরকে ফুলেল শুভেচ্ছা জানান গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। গাড়িতে বসেই খালেদা জিয়া হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

 খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে দুপুরের পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তায় জড়ো হতে থাকেন। এসময় চৌরাস্তায় একটি সংক্ষিপ্ত  সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক এমএ মান্নান, বিএনপি নেতা ড. শহীদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, এমদাদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, ডা. মাজহারুল আলম, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু প্রমুখ নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

খালেদা জিয়া টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে বগুড়া পৌঁছবেন। বগুড়া সার্কিট হাউসে তিনি রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার সকালে তিনি বগুড়া থেকে রওনা হয়ে মহাস্থানগড়, মোকামতলা, গোবিন্দগঞ্জ, রংপুর হয়ে নীলফামারি যাবেন। নীলফামারি সার্কিট হাউসে বিশ্রাম শেষে জেলার বড় মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

চলমান সরকারবিরোধী আন্দোলনকে গতিশীল করতে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে আরো তিনটি জেলায় জনসভা করবে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার নীলফামারী জনসভার পর আগামী ৩০ অক্টোবর নাটোরে, ৬ অথবা ৭ নভেম্বর কুমিল্লায় এবং ১২ নভেম্বর কিশোরগগঞ্জে ২০ দলের জোটের উদ্যোগে মহাসমাবেশ হবে।

জেআই