খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের জনগণের কথা চিন্তা করেন আর না করেন অন্তত কোকোর আত্মার শান্তির কথা বিবেচনা করে পেট্রোল বোমা মারা বন্ধ রাখুন।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা প্রচণ্ড শোকের মাঝেও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে না। তাদের কাছ থেকে দেশ ও জাতি কিছু আশা করতে পারে না।এখন অন্তত কোকোর আত্মার শান্তির কথা বিবেচনা করে পেট্রোল বোমা মারা ও এই হিংসা বন্ধ করুন।

তিনি আরে বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী নিজে ছুটে গিয়েছেন খালেদা জিয়ার কাছে। অথচ তারা সেখানে চরম অসৈজন্যতার পরিচয় দিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা প্রধানমন্ত্রীর নিজে ছুটে যাওয়ার পর অন্তত গেট খুলে দেয়ার সৈজন্যতাটুকুও দেখাতে পারে না। তাদের কোন কথারই বিশ্বাসযোগ্যতার লেশমাত্র থাকতে পারে না।

তিনি বলেন, ঘুমের ইনজেকশন দিলে তার রিএকশন জাগার পরও অনেক্ষণ যাবত থাকে। অথচ প্রধানমন্ত্রী চলে আসার কিছুক্ষণ পর নাকি খালেদা জিয়া জেগেছে এবং আবার আশার আমন্ত্রণ জানিয়েছে। কিভাবে কোন ঘুমের ইনজেকশন দেয়া হল এবং কিভাবে তিনি জেগেই আমন্ত্রণ জানালেন এটা আমার বোধগম্য নয়।

তিনি আরেও বলেন, রাজনীতি আমাদের পরিশীলিত আচরণ ও সৌজনতা শিখায়। প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল যেটা করা হয়েছে এটা সামাজিক সাংস্কৃতিতে একটা কালো দাগ হয়ে থাকবে। এমন ঘটনা বাংলাদেশে আগে কখনো ঘটেনি, আগামীতে কোনদিন ঘটবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহর লাইলী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

এমআর/ এআর