তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।
তিনি বলেন, নির্বাচনে পরাজিত হলে বা বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার অবৈধ ও অনৈতিক- একথা বলার দিন শেষ।
বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদে মহিলা বিষয়ক অধিদফতরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, 'জিয়াউর রহমানের অনুসারীদের বাংলাদেশের জনগণকে নীতি-নৈতিকতা শেখানোর দরকার নেই। তারা বাংলাদেশে যে অন্যায়-অত্যাচার করেছে, সেই ব্যাপারে আল্লাহর কাছে তওবা পড়ুক আর জনগণের কাছে মাফ চেয়ে নিক।'
পুলিশের ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, 'প্রশাসনের দু'একজনের অপরাধ সামগ্রিক চিত্র নয়, বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের মূল্যায়ন করা উচিত নয়।'
তিনি বলেন, 'প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেই আমরা জঙ্গিবাদের উৎপাত থেকে কিছুটা শান্তিতে আছি। দেশবাসী নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারছে।'
এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনসহ মহিলা অধিদফতরের কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পর মন্ত্রী সাতবাড়িয়া হিসনা পাড়া ও কাজিহাটায় পল্লী বিদ্যুতের সংযোগ লাইন ও মঠপাড়ায় একটি মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসএইচ





