বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে এবার ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা ১টা ২৫ মিনিটে পরাণ সরকার নামে এক যুবক এ ইট নিক্ষেপ করে। এসময় ডিবি পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়।
জানা গেছে, পরাণের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তিনি মঙ্গলবার খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আসেন। সকাল থেকেই তিনি কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করছিলেন।
দুপুরের দিকে কার্যালয়ের মূল গেটের সামনে এসে বসেন। হঠাৎ করে তিনি একটি ইটের বড় টুকরো তুলে নিয়ে কার্যালয়ের দিকে ছুঁড়ে মারেন।
এসময় তিনি নিজেকে একজন সাধারণ মানুষ দাবি করে বলতে থাকেন, খালেদা জিয়া এভাবে মানুষ পোড়ানো বন্ধ না করলে যা করা দরকার আমরা তাই করবো।
এঘটনায় সেখানে অবস্থানরত সংবাদকর্মীসহ সবাই হতবিহ্বল হয়ে পড়েন। এমন সময় সেখানে দায়িত্বরত গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, এ ঘটনার ক'দিন আগে এক মুক্তিযোদ্ধা তার লাইসেন্স করা একটি পিস্তল নিয়ে খালেদার কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বলতে থাকেন, খালেদা কোথায় তাকে আমি হত্যা করবো।
এমএইচ/ এআর





