বিএনপি নেত্রী নির্বাচনী প্রচারণার নেমে বিশৃংখলা করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে দাবি করে বেগম জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকালে শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড.হাসান মাহমুদ এ আহবান জানান।

তিনি বলেন, সভা সমাবেশের মাধ্যমে আমরা আগেই বলেছিলাম, খালেদা জিয়া এতদিন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছেন।আর এখন সাধারণ মানুষ তাকে মাঠে পেলে বিক্ষুব্ধ হবে এটাই স্বাভাবিক।আমরা নির্বাচন কমিশনকে বলব, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সার্থে অবিলম্বে খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নিন।

তিনি বলেন, বেগম জিয়া পুলিশ কিংবা আইন শৃংখলা বাহিনীকে অবহিত না করেই প্রচারণায় নেমেছে।সেখানে বিক্ষুব্ধ জনতাই তার উপর চড়াও হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, এসব করে খালেদা জিয়া পানি ঘোলা করে নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।এর মাধ্যমে তিনি (খালেদা) নতুন করে ষড়যন্ত্রের বীজ বপন করছে বলেও অভিযোগ করেন তিনি।

আসন্ন সিটি নির্বাচনে সেনা মোতায়নের সিদ্ধান্তে নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে হাসান বলেন, আমরা সব সময় কমিশনের সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও স্বাগত জানিয়েছি।সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সকল সিদ্ধান্তের প্রতি একাত্ত।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সুজিত রায় নন্দী, শাহ আলম, শামিমসহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ।

কেএইচ