দেশের চলমান সন্ত্রাস, নাশকতার বিরুদ্ধে দেশ-বিদেশের সকল গণতান্ত্রিক শক্তিকে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটি নেতৃবৃন্দ।

সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

এই সভা থেকে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোটের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে সকল দেশী-বিদেশী ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন ও রাষ্ট্র প্রতিবাদ জানিয়েছেন, তাদের স্বাগত জানানো হয়।

একইসাথে এই অশুভ শক্তির সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, চোরাগুপ্তা পেট্রল বোমা হামলার বিরুদ্ধে দেশ-বিদেশের বিবেকবান গণতান্ত্রিক শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট আজ নিরীহ, নিরপরাধ সাধারণ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, পেট্রল বোমা দিয়ে নির্মমভাবে মানুষ পুড়িয়ে মারছে ও ক্ষতিগ্রস্ত করছে দেশের অর্থনীতি। হরতাল-অবরোধের নামে দেশের ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবন ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই অবিলম্বে এ ধরনের গণতন্ত্র, মানবতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির। সভায় আরও উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. দীপু মনি এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, নিলুফার জাফর উল্লাহ এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, মেহজাবিন খালেদ এমপি, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন আক্তার কামাল, এম. মিজানুর রহমান, সাবেক এমপি নাজমা আক্তার, ফরহাদ হোসেন, সৈয়দ শাইখূল আরেফীন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মো. আমিনুল ইসলাম, খান মঈনুল ইসলাম মোস্তাক, মাসুদ হোসেন খান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আরিফুল হাই রাজীব প্রমুখ।

এমআর/কেএইচ