সরকার পতনসহ বিএনপির ১০ দফা দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল সোমবার (০২ জানুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক কারণে গৃহবন্দি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাবন্দি। সবাই দোয়া করবেন আমরা যেনো তাদের মুক্ত করতে পারি।
বিএনপির এই নেতা বলেন, আপনারা চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের পাশে থাকুন। যাতে করে আমাদের নেতারা মুক্ত হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা জানেন, আমার-আপনার নেত্রী ও গণতন্ত্রের মাতা খালেদা জিয়া শীতের রাতে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতেন। আপনারা সবাই দোয়া করবেন যেনো আপনাদের নেত্রী গৃহবন্দি থেকে মুক্ত হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও ছিলেন- এ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, জাহানারা বেগম, ডা. মাহমুদুর রহমান নোমান, কাজী রওনাকুল ইসলাম টিপু, ডা. জাহিদুল কবির, ডা. রতন, ডা. ইমন, ডা. তৌহিদুর রহমান, ডা. সাইফুল ইসলাম বাদশা প্রমুখ।
পরে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবিএস





