সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, সাহারা আপার মরদেহ নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট ব্যাংকক সময় রাত ৯ টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। রাতেই সেটি ঢাকায় পৌঁছাবে। এরপর আগামীকাল (১১ জুলাই) শনিবার বানানী কবরস্থানে ওনার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

বিপ্লব বড়ুয়া বলেন, জানাজা ও দাফনের সময় এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের দলের সিনিয়র নেতারা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

গতকাল (০৯ জুলাই) বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। অসুস্থ সাহারা খাতুনকে গত ০৬ জুলাই এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডে নেয়া হয়।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ০২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

এমবি