বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ ও অবক্ষয়ের মহামারি চলছে। পারিবারিক কলহ, হানাহানি ও লোমহর্ষক ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে।
এর মূল কারণ শিক্ষাব্যবস্থা থেকে নৈতিক শিক্ষাকে সংকোচন ও অনৈতিক শিক্ষার প্রসার। জাতির কাছে এখন পরিষ্কার যে, নৈতিকতাহীন শিক্ষার কারণে মূল্যবোধের বিপর্যয় ঘটছে।
আজ (শনিবার) রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সাথীদের মেধা যাচাই পরীক্ষার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিবিরের শাখা সভাপতি জামিল মাহমুদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি আজিজুল ইসলাম সজিবের পরিচালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবির সভাপতি বলেন, প্রকৃত শিক্ষা মানুষকে পূর্ণাঙ্গ ও মানবিক মর্যাদাবোধ সম্পন্ন করে গড়ে তোলে। এ ধরনের শিক্ষা তাদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম তৈরি করে।
কিন্তু একটি মুসলিম প্রধান দেশে সুপরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা থেকে ইসলামী মূল্যবোধের শিক্ষাকে সংকোচিত করে সেখানে অনৈতিক শিক্ষার প্রসার ঘটানো হয়েছে। ফলে মেধাহীন নৈতিকতা বা নৈতিকতাহীন মেধা কোনোটিই জাতির জন্য কল্যাণময় পরিবর্তন আনতে পারে না। যা আজ প্রমাণিত।
তিনি বলেন, দু’টিরই সঠিক সমন্বয় করতে পারে একমাত্র ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা। আর তাই পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন এবং হাদিসেও জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সাধারণ মানুষের ওপর জ্ঞানী ব্যক্তির মর্যাদার কথা বলা হয়েছে।
কুরআন পাকের প্রথম নাযিলকৃত শব্দই ‘পড়’। এছাড়া জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে মূর্খদের অন্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রকৃত শিক্ষিত এবং জ্ঞানী মানুষের দ্বারা সমাজের কারো ক্ষতি হতে পারে না।
এএস





