ভারতের মেঘালয়ে উদ্ধার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

সালাউদ্দিনের উপস্থিতিতে মেঘালয়ের একটি নিম্ন আদালতে বুধবার এ শুনানি হওয়ার কথা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইসি ঝা জানান, এদিন সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে।

মেঘালয় পুলিশ ৩ জুন অতিরিক্ত সহকারী কমিশনারের (জুডিশিয়াল) আদালতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

এতে বলা হয়, ভারতে এই বিএনপি নেতার আকস্মিক উপস্থিতি ‘উদ্দেশ্যপ্রণোদিত’, বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তা করা হয়েছে।

ঢাকা থেকে নিখোঁজের দুই মাস পর গত ১১ মে শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া যায়। শিলংয়ের পুলিশ তাকে গ্রেফতারের পর বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা করে।

এই মামলায় গত এক মাস ধরে জামিনে আছেন সালাহ উদ্দিন আহমেদ। তবে তার শিলং ত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে আদালতের।

সালাহ উদ্দিন আহমেদ বর্তমানে স্ত্রী হাসিনা আহমেদ ও পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে শিলংয়ে একটি ভাড়া বাসায় রয়েছেন।

এআর