বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, হিংসা-বিদ্বেষ পরিহার হরে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরণের অন্যায় অবিচার প্রতিরোধে ব্রতী হওয়াই আমাদের সকলের কর্তব্য।
২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বানীতে তিনি এসব কথা বলেন।
শুভ বড়দিন উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, সত্য, ন্যায় ও করুণার পথ প্রদর্শক মহান যীশুখৃষ্ট এদিনে জন্ম গ্রহণ করেছিলেন। বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ।
খালেদ জিয়া বলেন, সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে মহামানবগণ মানুষের সৎ পথে চলার দিশারী হয়েছিলেন। মানুষকে অনুপ্রাণীত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে চলতে।
মহান যীশুখৃষ্টও একই ভাবে তাঁদের অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন। শুভ বড় দিন একটি সার্বজনীন ধর্র্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা।
বিএনপি চেয়ারপারসন বলেন, মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া।
মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব। আর তাহলেই স্রষ্টার সন্তষ্টি অর্জনে আমরা সক্ষম হবো।
এমএইচ





