প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাহাথির মোহাম্মদের সাথে তুলনা করে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মাহথির মোহাম্মদ যেমন মালয়েশিয়াকে এগিয়ে নিয়ে গেছেন, শেখ হাসিনাও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বেনজির আহমেদ টিপু রচিত ‘মুক্তিযুদ্ধে মাদারীপুর’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বাংলাদেশ মালেশিয়ার মতো এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়ার পেছনে রুপকার হিসেবে কাজ করছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই বাঙালির মাহাতির হবেন।

তরুণদের দ্বিতীয় মুক্তিযোদ্ধা উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ আর হবে না, মুক্তিযোদ্ধাও আর তৈরি হবে না। তবে তরুণদের মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ রয়েছে।

সেক্ষেত্রে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ও প্রধানমন্ত্রীর দেখানো পথে দেশকে এগিয়ে নিলে তারা দ্বিতীয় মুক্তিযোদ্ধার খেতাব পাবেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শাজাহান খান বলেন, ইতিহাস কোনদিন মিথ্যা বলে না। মানুষের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও সত্য ইতিহাস তুলে ধরার জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ পরিবহন সচিব সৈয়দ মঞ্জরুল ইসলামসহ মাদারীপুর জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই