বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন,দেশের জনগণ এই স্বৈরাচারী সরকার চায় না। সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। সৎ সাহস নিয়ে সত্য বলার কারণেই আজ মাহমুদুর রহমানকে জেলে আটকে রেখেছে এই অবৈধ সরকার।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেষাজীবী পরিষদ আয়োজিত মাহমুদুর রহমানের নতুন বই ‘মুসলমাদের মানবাধিকার থাকতে নেই’ -শীর্ষক প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, মাহমুদুর রহমান বাংলাদেশের বাক স্বাধীনতার সাহসী সৈনিক। আমরা মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ পত্রিকার খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি, অন্যথায় রাজপথে জোর আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সরকারকে দখলবাজ আখ্যা দিয়ে বলেন,  ভোট বিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছে। এ সরকার ক্ষমতার অপব্যবহার করে পুরো দেশটাকেই কারাগার বানিয়েছে। বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়না।
বিএনপিকে উদ্দেশ্য করে সাংবাদিক ও কলামিষ্ট ফরহাদ মাজহার বলেন, এ দেশে যারা গণতন্ত্র ও ইসলামের জন্য লড়াই করে তাদের সাথে ঐক্যের কোন বিকল্প নেই। দেশের জনগণ বিএনপিকে এখন আর তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করে ক্ষমতায় বসাতে চায় না। জনগণ বিএনপির রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চায়। আপনারা ইসলামের পক্ষে আছেন কিনা? আপনারা জনগণের সামনে আপনাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক শফিক রেহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. জেড এম জাহিদ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসআর
[/b]