রাজধানীর পল্টন মোড়ে ব্লগারের ওপর জুতা নিক্ষেপ করেছে গোলাম আযমের জানাযায় অংশ নিতে আসা কয়েক যুবক।

শনিবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে গোলাম আযমের জানাজা প্রতিরোধের ঘোষণা দেয়া ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম নেতাকর্মীদের ওপর এ জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগের গণজাগরণ মঞ্চের একাংশের নেতাকর্মী ও ব্লগাররা গোলাম আযমের জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিরোধের ঘোষণা দেয়। তারা দুপুরে পুরানা পল্টন মোড়ে জমায়েত হলে সেখানে অবস্থানরত কয়েকজন যুবক তাদের ওপর জুতা ছোড়ে। তবে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের দাবি শিবির নেতাকর্মীরা তাদের ওপর জুতা ছুড়েছে।

ব্লগার রিশাদ আহমেদ রুজদি গণমাধ্যমকে বলেন, ‘আমরা গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা গোলাম আযমের জানাজা জাতীয় মসজিদে প্রতিরোধের জন্য পুরানা পল্টন মোড়ে অবস্থান নেই। সেখানে আগে থেকেই অবস্থানরত জামায়াত-শিবির নেতাকর্মীরা আমাদের ওপর জুতা ছোড়ে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি।’

জেএ