রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে থাকা মির্জা ফখরুল, আব্বাস ও রিজভীকে সাধারণ বন্দিদের মতো নাস্তা দেওয়া হয়েছে।
আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে দেওয়া নাশতায় আইটেম হিসেবে ছিল রুটি-সবজি ও ডিম। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এ বিষয়টি জানা গেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে আরও জানা গেছে, সাধারণ বন্দিদের জন্য দুপুরে ও রাতে যেটা বরাদ্দ থাকবে, সাধারণ বন্দি হিসেবে কারাগারে থাকায় তাদের জন্যও সেই খাবারই দেওয়া হবে। ফখরুল এবং আব্বাসকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার কথা থাকলেও সে কাগজপত্র এখনও কারাগারে এসে পৌঁছায়নি। ডিভিশন হলে তাদের আলাদা কক্ষ ও আরও উন্নতমানের খাবার দেওয়া হতো।
এ ছাড়া কারাগারে সূর্যমুখী ভবনে তাদের তিনজনকে পৃথক তিনটি কক্ষে অন্যান্য বন্দিদের সঙ্গে রাত কাটাতে হয়েছে বলেও কারাগার সূত্রে জানা গেছে।
এবিএস





