আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সহিংসতা দমনে প্রয়োজনে নাশকতাকারীদের এনকাউন্টারে মারার ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বরে স্বেচ্ছাসেবক লীগের এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘এই সন্ত্রাসী, জঙ্গিদের ধরা হবে এবং প্রয়োজনে এনকাউন্টারে মারার ব্যবস্থা করা হবে। ওসামা বিন লাদেন যখন আমেরিকার টুইন টাওয়ার আক্রমণ করেছে তখন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কী তার সঙ্গে কথা বলেছে?’
দেশে চলমান সহিংসতায় নিহত ব্যক্তিদের রক্তের ওপর পা রেখে বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আলোচনা নয় বলেও জানান ফজলুল করিম সেলিম।
তিনি বলেন, বিএনপি নেতারা আন্দোলনে না থেকে বিদেশে পালিয়ে রয়েছে। কিন্তু খালেদা জিয়াকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সহিংসতায় যতজন মারা গেছে খালেদা জিয়ার নামে ততটি মামলা হবে এবং বিচারে তার শাস্তি হবে। বিএনপি একটি জঙ্গি সংগঠন। অন্যান্য দেশের জঙ্গি সংগঠনের মতো তাদেরও বিচার করতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এ প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।
জেএ





