ঢাকা থেকে বগুড়া উদ্দেশে যাত্রা শুরু করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। বগুড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করে আগামীকাল রোববার জয়পুরহাট যাবেন। সেখানে বিকালে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
শনিবার বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসন তার গুলশানের বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, যাত্রা পথে গুলশান, টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, বঙ্গবন্ধু সেতু হয়ে রাত ৮টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন তিনি।
পর দিন ২২ জুন বেলা ১২টায় বগুড়া সার্কিট হাউজ থেকে বগুড়া মহাস্থান, মোকামতলা, কালাইবাজার হয়ে দুপুর ১টায় জয়পুরহাট সার্কিট হাউজে বিশ্রাম নেবেন। আর বিকাল ৩টায় জয়পুরহাট সরকারি আরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন।
হত্যা, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় নিপীড়ন এবং অবিলম্বে অবৈধ সংসদ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিতে জেলার রামদেও-বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের বগুড়ায় স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুত। এছাড়া যাত্রাপথে তাকে বিভিন্নস্থানে সংবর্ধনা দেয়া হবে বলে জানান।
ঢাকা, এম্এইচ, ২১ জুন (টাইমনিউজবিডি.কম)





