আসন্ন ঢাকা-চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার সিলেট সার্কিট হাউজে দিরাই উচ্চ বিদ্যালয়ের ১শ’ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী ও গাজীপুর সিটিতে এই সরকারের আমলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমাদের বিশ্বাস বিএনপির গণতন্ত্রকামী ও শান্তিকামী নেতারা নির্বাচনে আসবেন।

সুরঞ্জিত বলেন, বিএনপির মধ্যে অনেকেই আছে যারা সন্ত্রাস-নাশকতা চান না। আর এ কারণেই সন্ত্রাস-নাশকতা বিরোধী বিএনপি নেতারা নির্বাচনে আসতে চান।

তিনি বলেন, পেট্রলবোমা ও ককটেল হামলা করে মানুষ মেরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আড়াই মাসের আন্দোলনে ইতোমধ্যে ৬০ জনের মতো মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর পঙ্গুত্ব বরণ করেছেন ৬০০ মানুষ। সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার সঙ্গে গণতন্ত্রের সহাবস্থান হয় না, হবেও না।

সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াত হরতাল-অবরোধের নামে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামছুল ইসলাম, প্রভাকর চৌধুরী প্রমুখ।

এমআর/কেএইচ