সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের গুলিতে ফারুক হোসেন (৪৬) নামে এক জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে দেবহাটা উপজেলার শুশীলগাতি গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফারুক হোসেন উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা মাদার মোল্যার ছেলে। আহতাবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবহাটা থানার ওসি জালাল উদ্দিন জানান, ফারুক হোসেনকে আটক করে আসামি ধরার অভিযানে বের হলে শুশীলগাতি এলাকায় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৬ রাউন্ড গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফারুক হোসেন গুলিবিদ্ধ হন।
আহত ফারুক হোসেন জানান, বুধবার দুপুরে খাওয়ার সময় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ভোররাতে চোখ বেঁধে তাকে পায়ে গুলি করা হয়।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]