দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় না এলে বুঝা যেতো, জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ কাকে বলে?’

আজ রোববার দুপুরে ময়মনসিংহের জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘নতুন অর্থনৈতিক ভাবনা ও ব্রহ্মপুত্র নদ খনন’ শীর্ষক মতবিনিময় সভায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি একথা বলেন।

নৌমন্ত্রী বলেন, হালুয়াঘাটের দু’টি স্থলবন্দরকে একত্রিত করে ৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী জুন মাসে প্রকল্পটি অনুমোদিত হলে ডিসেম্বরে বন্দর উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী দেশের ৫৩টি নদী খননের পরিকল্পনা গ্রহণ করেছেন। এর মধ্যে ব্রহ্মপুত্র নদ খননের পরিকল্পনাও রয়েছে। ড্রেজারের স্বল্পতার কারণে ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে নদীর নাব্যতা ফিরে পেতে নদী দখল বন্ধ করতে হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ও পরিচালক শংকর সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী,এফবিবিসিসিআইর পরিচালক আমিনুল হক শামীম, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, কড়ইতলী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এম এ সুরুজ মিয়া ও গোবরাকুড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির নাজিম উদ্দিন।

মতবিনিময় সভায় মেয়র ইকরামুল হক টিটু বলেন, উচ্চহারে ব্যাংকঋণের সুদের হারের জন্য ময়মনসিংহ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে অর্থনৈতিক জোন গড়ে তোলার আহবান জানান।

তিনি হালুয়াঘাট স্থলবন্দরকে পুর্নাঙ্গ স্থলবন্দরে পরিনত করে সুযোগ-সুবিধা প্রদান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতার জন্য ব্রহ্মপুত্র নদ খননের দাবি জানান।

তবে একাধিক বক্তা নৌমন্ত্রীর আগের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার কথাও স্মরণ করিয়ে দেন।

নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম বলেন, ২০০৯ সালের ১২ ডিসেম্বর নৌমন্ত্রী শাজাহান খান একইমঞ্চে দাঁড়িয়ে ব্রহ্মপুত্রের নাব্যতা ফিরিয়ে আনতে ২৩ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদ খননের ঘোষণা দিয়েছিলেন।

২০১০ সালের ১০ জানুয়ারি একটি টেকনিক্যাল টিম সরেজমিন পরিদর্শন করেছে কিন্তু কাজের কাজ আর কিছুই হয়নি। তিনি ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর সংযোগস্থল সন্যাসীরচর এলাকায় খনন করা জরুরি বলেও মত দেন।

গোবরাকুড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির নাজিম উদ্দিন বলেন, ২০১২ সালে হালুয়াঘাটে পুর্নাঙ্গ স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নৌমন্ত্রী। কিন্তু স্থলবন্দরের অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের উন্নয়ন ও ইমিগ্রেশনও চালু হয়নি।

কড়ইতলী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এম এ সুরুজ মিয়া নৌমন্ত্রীকে ২০১২-১৩ সালে হালুয়াঘাট স্থলবন্দর পরিদর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হালুয়াঘাট স্থলবন্দরের সাথে রাজধানীর দূরত্ব কম হওয়ায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক ফোরলেন করার দাবি জানান।

এর আগে শহরের বড়বাজারে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেন, পাকিস্তান আজ বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই করতে শ্রমিক কর্মচারিদের ঐক্যবদ্ধ হতে হবে।

পাকিস্তানের ষড়যন্ত্রের বিএনপি-জামায়াত মদদ দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই পাকিস্থানের বিরুদ্ধে আবার আমাদের যুদ্ধে লিপ্ত হতে হচ্ছে।

ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী।

এসএইচ