আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দল মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যে কথাগুলো বলেন তাতে মনে হয় বর্ধমান বিস্ফোরণের চক্রান্তকারীদের সঙ্গে তাদের সূত্র পোতা রয়েছে।’

তিনি অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত এখন হত্যা ও চক্রান্তের পথে হাঁটছে।

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ সব কথা বলেন।

বিফ্রিংয়ে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৪ দলের পক্ষ থেকে দেশব্যাপী উপজেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দেন নাসিম।

নাসিম বলেন, ১৪ দল মনে করে বিএনপি-জামায়াত যেভাবে কথা বলে তাতে মনে হয় বর্ধমানের ষড়যন্ত্রকারীরা যে নীল নকশা এঁকেছিল তাতে তাদের সূত্র পোতা রয়েছে।

তিনি বলেন, দেশে নয়, বিদেশেও প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা দেশে একটি শক্তিকে ক্ষমতায় আনতে এ ষড়যন্ত্র করেছে।

বিএনপি-জামায়াত এখন হত্যা ও চক্রান্তের পথে হাঁটছে বলে অভিযোগ করেন ১৪ দল মুখপাত্র। গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলনে ব্যর্থ হয়েই তারা ওই পথে হাঁটছে বলেও মন্তব্য তার।

তিনি বলেন, আমরা উদ্বিগ্ন হয়েছি যখন ভারতের বর্ধমান চক্রান্তের কথা শুনেছি। পার্শ্ববর্তী দেশে কিছু জঙ্গী ও হত্যাকারী প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করেছিল। তাদের বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের গোয়েন্দা সংস্থাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ১৪ দল মুখপাত্র।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার যে ষড়যন্ত্র চলছে তা সমূলে উৎখাত করার জন্য ১৪ দলের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। জনগণকেও এ জন্য সচেতন হতে হবে। সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের সচেতন হবার আহ্বান জানান নাসিম।

১৪ দলের কর্মসূচী : আগামী ১৫ জানুয়ারী থেকে ১৪ দলের পক্ষ থেকে দেশব্যাপী উপজেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দেন নাসিম। এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে রায়েরবাজার ও মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোরও কর্মসূচী ঘোষণা করেন নাসিম।

এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুল রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের মজিবুর রহমান মাইজ ভান্ডারী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

জেআই