বাংলাদেশের প্রতিটি এলাকায়ই মানুষের উপর হামলা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ উপলেক্ষ্য দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর ধরে এই ভাষণ বাংলাদেশে নিষিদ্ধ ছিল। এখন এই ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেন, "উনি এখন নিজের ঘর ছেড়ে অফিসে থাকেন। আমি জানি না অফিসে থাকার মধ্যে কি মোজেজা আছে।"
অত্যন্ত ক্ষোভ নিয়ে শেখ হাসিনা বলেন, "উনি অফিসে বসে বিপ্লব করছেন। ৬২ দিন ধরে দেশে অবরোধ চালাচ্ছেন।"
খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনি দুর্নীতি করেছেন। তাই মামলা হয়েছে। আত্মবিশ্বাস থাকলে মামলা মোকাবিলা করেন। ’ তিনি বলেন, ‘উনার অবস্থা চোরের মন পুলিশ পুলিশ। আর এ কারণে তিনি আদালতে যান না। বিভিন্ন অজুহাত খোঁজেন। ঘরে বসে আন্দোলন করছেন। আন্দোলনের নামে নিজেই নিজেকে অবরুদ্ধ করে রাখছেন। ’
বিএনপির আন্দোলনে দেশের মানুষের সাড়া নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেত্রী অফিসে বসে আছেন। অফিসে বসে বিপ্লব করছেন। হরতাল-অবরোধ ডাকছেন। তাঁর এই আন্দোলনে কেউ সাড়া দিচ্ছে না।
স্বাধীনতাযুদ্ধে পরাজিত শক্তির দোসররা আজকে মানুষের ওপর হামলা করে যাচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, কোনো জঙ্গিবাদের স্থান এ দেশে নেই। কেউ এ ধরনের কর্মকাণ্ড করলে তার শাস্তি পেতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেত্রীর অনেক আশা ছিল, বিদেশ থেকে কেউ এসে তাঁকে ক্ষমতায় বসাবেন। কিন্তু কেউ আসেননি। উল্টো তাঁরা (বিদেশিরা) তাঁর (খালেদা জিয়া) মানুষ খুন বন্ধ করতে বলেছেন। জঙ্গি কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন।
জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলার মাটিতে জঙ্গি নেত্রীর স্থান নেই।
জেডআই/ইআর





