রমজান মাসে চিনিসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম বাড়বে না, বরং একটু কম থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে জাসদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি।

মেয়র খোকন বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আমরা আলোচনা করছি। বাজার মনিটরিং করছি। রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়বে না। বরং কিছু কিছু জিনিসের দাম কম পাবেন। চিনির মূল্যও কম পাবেন।

তিনি বলেন, সেপ্টেম্বর-অক্টোবরে জনদূর্ভোগ কমাতে ভাঙাচোড়া রাস্তা-ঘাট মেরামত করা হবে। এজন্য ৬ থেকে ৮ মাস সময়ের প্রয়োজন। এই সময়ের মধ্যে রাস্তাঘাটগুলো মেরামত করা হবে। আর মানুষের যাতে কষ্ট না হয় সেই জন্য বর্ষার মৌসুমে রাস্তা মেরামতের কোন কাজ করা হবে না।

আগামী সপ্তাহ থেকে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

মেয়র বলেন, আগামী দুই মাসের মধ্যে ঢাকা দক্ষিণের গুরুত্বপূর্ন স্থান রেলষ্টেশন, লঞ্চঘাট, সোহরাওয়ার্দী উদ্যান ও বিভিন্ন পার্ক বিনামূল্যে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে। প্রত্যেকটি বাড়িতে আবর্জনা পরিস্কারের ব্যাগ বিনামূল্যে দেওয়া হবে।

জাসদ নেতা মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, জাসদের মহানগর সমন্বয় কমিটি সভাপতি মীর হোসাঈন আখতার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

জেআই