সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণ না করলে প্রয়োজনে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের মতো আরেকটি সমাবেশ হবে বলে হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী। মুসলিম দেশের মানুষ হিসেবে ‘মূর্তি’ স্থাপন মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘হয় সরকার থাকবে, না হয় এ মূর্তি থাকবে। দু’টোকে একসঙ্গে কখনওই থাকতে দেওয়া হবে না।’ শুক্রবার (১০ মার্চ) ফেনীর মিজান ময়দানে হেফাজতে ইসলাম ফেনীর আয়োজনে দিনব্যাপী শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী এসব কথা বলেন।

সম্মেলনে আহমদ শফী সরকারের উদ্দেশে আরও বলেন, ‘রাষ্ট্র আপনারা চালান, আমরা ধর্ম নিয়ে থাকব। রাষ্ট্রের কাজ নিয়ে মাথা ঘামাতে আসব না। শুধু খেয়াল রাখবেন, মূর্তি স্থাপনের মতো ইসলামবিরোধী কোনও কাজ যেন বাংলাদেশে না হয়।’

পাঠ্যপুস্তকে বির্তর্কিত একাধিক লেখকের লেখা বাদ দিয়ে পরিবর্তন আনার প্রশংসা করে হেফাজতের আমির বলেন, ‘সরকার বহুদিন পরে হলেও পাঠ্যপুস্তকে ইসলামকে স্থান দিয়েছে। সরকার হেফাজতের আন্দোলনের কারণেই ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রেখেছে।’

হেফাজতে ইসলাম ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ সংগঠনের ঢাকা ও ফেনী জেলা শাখার নেতারা।
মাসুম/জেড