বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসর নেয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, ‘যার ছেলেরা দুর্নীতির জন্য দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে, তারা কোটি কোটি টাকা লুট করেছে, এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
তিনি বলেন, ‘এই প্রথম বাজেট ঘোষণার পর দেশে কোনো জিনিসের দাম বাড়ে নি। এতে প্রমাণ হয় বর্তমান সরকার সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে।’
শুক্রবার ভোলার লালমোহনে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, ‘২০১০ সালের ২৪ এপ্রিল লালমোহন তজুমদ্দিনের মানুষ যে দায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্টা করছি। বিএনপির মেজর হাফিজের গড়া সন্ত্রাসের জনপদকে শান্তির জনপদে পরিণত করার জন্য আজীবন কাজ করবো।’
বিএনপির হামলার মুখে ২১ বছর এ উপজেলায় সম্মেলন করা যায় নি উল্লেখ করেন জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু।
সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু, উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, আ.লীগ ভারপ্রাপ্ত সম্পাদক আলী রেজা মিয়া, দিদারুল ইসলাম অরুন, রিপন শান।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]