উন্নয়ন ও গঠনমূলক সুস্থধারার রাজনীতিকে প্রাধান্য দিয়ে মাঠে আসছে আরেকটি নতুন রাজনৈতিক দল। যার মূল নের্তৃত্বে থাকছেন ধনাঢ্য ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের বড় ছেলে, তরুণ রাজনীতিক ববি হাজ্জাজ।

আর দলের কার্যনির্বাহী পরিচালনায় আছেন সদ্য জাপা ছেড়ে আসা প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা আবু তাহের মুহম্মদ গোলাম মাওলা চৌধুরী। বাংলাদেশী জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ ও জনগণের গণতন্ত্রকে মূল প্রতিপাদ্য রেখে তৈরী করা হচ্ছে আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা নতুন এই দলটির ঘোষনাপত্র এবং গঠনতন্ত্র।

স্বপ্নের ঢাকা, এই স্লোগানে গত মেয়র নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দেন জাতীয় পার্টির আলোচিত তরুণ নেতা, এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। হঠাৎ মাঝপথে সেই প্রচেষ্টা থেমে গেলেও, গুটিয়ে যায়নি তাঁর রাজনৈতিক ইচ্ছা ও তৎপরতা। খানিকটা ভিন্ন প্লাটফর্মে স্বপ্নের ঢাকা থেকে স্বপ্নের দেশ নামে শুরু করেন নাগরিক আন্দোলন।

সেই সঙ্গে জাতীয় পার্টিতে দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা। কখনও এরশাদ-রওশনের দ্বন্দ্ব। কখনও চেয়ারম্যানের রাজনৈতিক নির্দেশনা না মানার সংস্কৃতি। আবার বহিস্কার-প্রত্যাহার বা কো চেয়ারম্যান অথবা সিনিয়র কো চেয়ারম্যান নিয়োগের অসুস্থ রাজনীতি হতাশ করে তোলে দলের শীর্ষ থেকে তৃণমূল পযর্ন্ত।

আর এতে করে অনেকে হয়ে পড়েন নিঃস্বক্রিয়। দলের অবস্থান পরিস্কার না করেই চলে রাজনৈতিক কর্মসূচী। সব মিলিয়ে শীর্ষনেতাদের মাঝে দেখা দেয় ক্ষোভ ও হতাশা। নিজ নিজ এলাকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় দলের ব্যর্থতা দেখে অনেকে ইস্তফা দেন দলীয় কর্মকাণ্ডে। পদত্যাগ করেন দলের শীর্ষ নেতা মাসুদ পারভেজ সোহেল রানা।

যদিও পরবর্তীতে তার পদত্যাগপত্র কোন ঘোষনা ছাড়াই গ্রহন না করার কথা জানায় দলের একটি সূত্র। সবশেষ গেলো ৭ই অক্টোবর পদত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ, টানা ১৬ বছর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদে থাকা এ টি এম গোলাম মাওলা চৌধুরী। এরপরই আলোচনায় আসে,কি করছেন জাপার দলত্যাগী বা নিঃস্বক্রিয় দক্ষ ও অবহেলিত নেতারা। গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলে হিসেব-নিকেষ। কি হচ্ছে জাতীয় পার্টিতে,এ নিয়ে উঠে,আলোচনা-সমালোচনার ঝড়।

এরই মাঝে পদত্যাগে শুভেচ্ছা জানিয়ে এ টি এম গোলাম মাওলা চৌধুরীকে অভিনন্দন জানান বিভিন্ন স্তরের মানুষ। শুরু হয় শুভেচ্ছা ও মতবিনিময়। দেখা-সাক্ষাত আর দল গঠনের পরামর্শও আসে বিভিন্ন অঙ্গন থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক শীর্ষনেতা এই প্রতিবেদকে জানান, দলের অনেকেই মাওলা চৌধুরীর সাহসী পদক্ষেপে অভিনন্দন জানিয়েছেন। তিনি দলের অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের সমালোচনা করলেও, ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে কটাক্ষ বা দল ভাঙ্গার ষড়যন্ত্র করেনি বলে সাদুবাদ জানায় পার্টির ঐ সূত্রটি। নিজেদের মধ্যে আলোচনাও করেছেন জাপার মধ্যম ও শীর্ষ কয়েকজন নেতা।

সূত্র জানায়, তাদের অনেকে হয়তো নতুন রাজনৈতিক দলে আসতে পারেন। এছাড়া গেলো কদিন সহমত প্রকাশ করে এ টি এম গোলাম মাওলা চৌধুরীর সঙ্গে দেখা-সাক্ষাত এবং টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন, জাপা(জাফর) এর প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, এস এম আলম, সুপ্রীম কোর্টের আইনজীবী ড.সালাউদ্দিন আহমেদ, ঝিনাইদহের সাবেক এমপি মুক্তিযোদ্ধা নূর আহমেদ, সাবেক এমপি অধ্যাপিকা সবিতা বেগম, বিএনপি নেতা ও সাবেক এমপি শাহ শহীদ সরোয়ার, মুসলিম লীগের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, সিরাজগঞ্জের এমদাদুল হক এমদাদ, নাগরিক ভাবনার আহবায়ক হাবিবুর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, আনোয়ার হোসেন, টাঙ্গাইলের সাবেক জাসদ নেতা আজমল হোসেন, রাজশাহীর বিএনপি নেতা অ্যাডভোকেট মোখলেছুর রহমান, জাগো বাঙালীর আহবায়ক মেজর অবসরপ্রাপ্ত ডাঃ শেখ হাবিবুর রহমান, চট্টগ্রামের সাবেক এমপি ও চাকসু জিএস মাজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণের জাপা নেতা আব্দুস সাত্তার রনি, উত্তর জেলার সৈয়দ আহমদ নূর, টেকনাফ জাপার হেলাল উদ্দিন হেলাল, নোয়াখালী জেলা জাপার  সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ চৌধুরী মঞ্জু, জাফর জাপার রওশন আলম গুলজার, কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদুস আলী, ইসলামিক পার্টির সাধারন সম্পাদক মহিউদ্দিন আহমেদ, বিএলডিপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ কবীর হোসেন, ব্যবসায়ী রাজিব শেখ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম ফাউন্ডেশনের মহাসচিব তাফাকুল নবী জৌলুস, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের মো নুরু উর নবী পাটোয়ারী, সোনার বাংলা পার্টির সাধারন সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ, মানবাধিকার পার্টির চেয়ারম্যান আফরোজা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ পার্টির সাধারন সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার, জাতীয় আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মুহ্ম্মদ খসরুজ্জামান, মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ আজাদ, আজিজুল হক বাবুল ও বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফর উল্লাহ চৌধুরী। এদিকে দেশের বাইরে থেকেও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন পরিচ্ছন্ন রাজনীতিতে উৎসাহীরা। আরব-আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন থেকে প্রবাসীদের অনেকে ফেসবুক, মেইল, মোবাইল ফোন ও চিঠিপত্র পাঠিয়ে শুভেচ্ছা ও নিজেদের আগ্রহের কথা  জানিয়েছেন।

এদিকে পদত্যাগের পর থেকে গেলো দু সপ্তাহ রাজধানীর বিভিন্ন জায়গায় দফায় দফায় দল গঠনের যৌক্তিকতা, উদ্দেশ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান, জনগণের জন্য কি দিক-নির্দেশনা থাকা উচিত, আগাম বা আগামী নির্বাচনে দলের ভূমিকা কি হবে, জোটগত নির্বাচন হলে কি করতে হবে, সেসব বিষয় আলাপ-আলোচনা করেছেন ববি হাজ্জাজ ও মাওলা চৌধুরী।

এই দুই নেতার ঘনিষ্ট একটি সূত্র জানায়, এসব মিটিংয়ে জাপা ও অন্য বেশকটি দলের গুরুত্বপূর্ণ কিছু নেতাও অংশ নিয়েছেন। করেছেন মতবিনিময়। কথা বলেছেন দল গঠনের প্রক্রিয়া নিয়ে। গেলো বুধবার ১৯ই অক্টোবর বিকেলে পল্টনে এক ব্যবসায়ীক রাজনীতিবিদের অফিসে সবশেষ এমন একটি মিটিংয়ে অংশ নেন নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব এ টি এম মাওলা চৌধুরীসহ আরো অনেকে।

টানা দু ঘন্টার এই বৈঠকে আলোচিত হয় দলের সম্ভাব্য নাম, গঠনতন্ত্র, ঘোষনাপত্র ও দলের প্রতীক নিয়ে। এছাড়া দলে কারা কারা আসবেন সে বিষয়ও কথা হয় উপস্থিত নানামতের রাজনৈতিক নেতাদের সঙ্গে। আলোচনায় আসে দলের কেন্দ্রীয় কার্যালয় কোথায় হবে, কিভাবে গঠন করা হবে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই নেতার ঘনিষ্ট বেশকটি সূত্র জানায়, কমপক্ষে ৬০ থেকে ৬৫ টি আসনের র্টাগেট নিয়ে মাঠে নামছেন ববি-মাওলা। প্রস্তুতিও খানিকটা তেমন। সব বুঝে-শুনে, কিছুটা সময় নিয়ে ঝাচাই-বাছাইয়ের পর দল আত্মপ্রকাশের চিন্তা-ভাবনা তাঁদের। দেশব্যাপী সাংগঠনিক শক্তি তৈরীর পরই দলের নাম ঘোষনা করবেন ধনকুবের প্রিন্স মুসার ছেলে ববি হাজ্জাজ।

আর এ জন্য হাতেও নেয়া হয়েছে বেশকিছু কর্ম-পরিকল্পনা। ধরা হয়েছে বড় ধরনের বাজেটও। দলের সম্ভাব্য মহাসচিব খুব শিগগিরই জেলায় জেলায় সফর করবেন অনুসারীদের নিয়ে। কথা বলবেন নানাস্তরের মানুষের সঙ্গে। মতামত নেবেন ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক-কলামিষ্ট, ব্যবসায়ী, রাজনীতিক ও সাধারণ মানুষের।

পাশাপাশি প্রতিটি জেলায় সম্ভাব্য কমিটিও ঠিক করবেন ঐ সফর থেকে। আর প্রস্তুতি হিসেবে কিছুদিনের মধ্যেই প্রথম সফরে যাচ্ছেন নিজ জেলা ফেনীতে। বড় ধরনের একটি টিম নিয়ে সফর করবেন বলে দাবি করে তাঁর ঘনিষ্ট একট সূত্র। প্রত্যেকটি সফরের কর্মসূচীতে ব্যবহার করা হবে সর্বাধুনিক ডিজিটাল পদ্ধতি।   

এসব বিষয়ে প্রশ্ন করলে এ টি এম গোলাম মাওলা চৌধুরী কৌশলী উত্তরে বলেন, সুস্থধারার রাজনীতিই পারে, জাতীয় রাজনীতির চলমান সংকট সমাধান করতে। ৪০/৪৫ বছরেও আমরা সেই পথে সঠিক পন্থায় হাঁটতে পারিনি। নতুন প্রজন্মের জন্য তৈরী করা যায়নি,রাজনীতির সুস্থ কোন ধারা। দেয়া সম্ভব হয়নি সংকট সমাধানে কোন ধরনের সঠিক দিক-নির্দেশনা। শুধুই ক্ষমতার দ্বন্দ্ব। এখান থেকে জনগণকে বের করে আনতে আমরা মুক্ত ও সুস্থচিন্তার রাজনৈতিকদের এক মঞ্চে সমবেত করার চেষ্টা করছি।

বিরোধী দলের সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও কেন জাপা ছাড়লেন, এমন প্রশ্নের জবাবে মাওলা চৌধুরীর বলেন, ৮ম কাউন্সিলের মধ্যদিয়ে জাতীয় পার্টি কিছুটা হলেও জনগণের কাতারে এসে নিজেদের অবস্থান পরিস্কার করবে এবং দলে সঠিক গণতন্ত্র চর্চ্চা ফিরে আসবে, নেতাকর্মীদের এমন আশা অল্পদিনেই গুড়িয়ে যায়। ফের সুবিধাবাদী একটি চক্র আরো শক্ত অবস্থান নেয় এরশাদের আশপাশে। কাউন্সিলের পর তাদের ইশারা-ইঙ্গিতে চলে কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া। কমিটি গঠনে দেখা দেয় অনিয়ম ও জেষ্ঠ্যতা লংঘ্ননের ঘটনা।

তিনি আর ও বলেন, অভিযোগ আছে, বড় অংকের লেনদেনের বিনিময় নাম না জানা, সাংগঠনিক ভিত্তিহীন, অখ্যাত কিছু ব্যক্তিকে স্থান করে দেয়া হয় কেন্দ্রীয় কমিটিতে। জেষ্ঠ্যতা লংঘ্নন করে বহু প্রবীণ ও দক্ষ নেতাকে ডিঙ্গিয়ে তাদের দেয়া পদ-পদবী।

আর এতে করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় দলের শীর্ষ ও মধ্যম সারির নেতাদের মাঝে। তিনি বলেন, বার বার এরশাদ পার্টিকে বিরোধী দলের সঠিক ভূমিকায় আসতে নির্দেশনা দিলেও নীতি-নির্ধারকদের কেউই কর্ণপাত করেননি সে বিষয়।

ট্রেজারি বেঞ্চের সদস্য হয়ে জাপার মন্ত্রীরা, অপজিশনে বসে বিরোধী সদস্যদের প্রশ্নের উত্তর দিতে এতটুকু লজ্জা বোধ করেন না, যা দেখে অজপাড়া গাঁয়ের চায়ের কাপে চুমুকে আলোচকরাও মুখ লুকিয়ে হাসেন। ফেনীর কৃতি সন্তান, ভারতীয় আগ্রাসন থেকে ফেনী নদীর পানি রক্ষা আন্দোলনের জনক এ টি এম গোলাম মাওলা চৌধুরী হেসে বলেন, অনেকে জানতে চান, জাপা বিরোধী দল নাকি সরকারী দল, না বেসরকারী দল, কোনটি?

আর নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য চেয়ারম্যান, স্বপ্নের দেশ এর আহবায়ক, তরুন রাজনীতিক ববি হাজ্জাজ এই প্রতিবেদকে জানান, জনগণের কল্যাণে নবীন-প্রবীণের সমন্বয়ে সুস্থধারার রাজনীতি করতে চাই আমরা। ব্যক্তিগত জীবনে আমি বিশ্বাস করি, মানুষের জন্য কিছু করতে চাইলে,তা যে কোন পন্থায় করা সম্ভব। তবে, রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে হলে,তার সুফল গণতান্ত্রিক পন্থায় জনগণের একেবারে দোড়গোড়ায় পৌঁছে দেয়া সহজ।

ববি বলেন, মনে রাখতে হবে আমরা কোন দল ভাঙ্গার রাজনীতিতে বিশ্বাসী নই। রাজনীতিতে যখন জড়িয়েছি, তখন তো জনগণের কাছে একটা প্রতিশ্রুতি তৈরী হয়েছে, যা রক্ষা করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। রাজনীতির নামে মানুষের সঙ্গে আর কত প্রতারনা চলবে? কাউ না কাউকে তো ক্ষমতার দ্বন্দ্ব ও অসুস্থ রাজনৈতিক চর্চ্চা থেকে জনগণকে বের করে আনতে হবে। সুস্থধারার রাজনীতিতে বিশ্বাসীদের সঙ্গে নিয়ে দেশের মানুষকে গণতন্ত্রের সঠিক স্বাদ পৌঁছে দেয়া সম্ভব হবে বলে বিশ্বাস করেন,তরুন প্রজন্মের সুস্থচিন্তার ধারক ববি হাজ্জাজ।  

এআই