বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, শিশুদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে ইসলাম শিক্ষা দেয়া খুব জরুরি।
বৃহস্পতিবার রাজধানীর কদমতলী এলাকায় অবহেলিত বস্তিভিত্তিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকির, মহানগরী সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, মহানগরী মজলিশে শূরা সদস্য শাহিন আহমদ খান, কদমতলী দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, থানা সেক্রেটারি আবু তাসনীম, থানা কর্মপরিষদ সদস্য ডা: আবুল হাশেম প্রমুখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামীর দেশ ও সমৃদ্ধ জাতি গঠনের প্রত্যাশায় আজকের শিশুটিকে সঠিক শিক্ষায় বলিয়ান করে গড়ে তুলতে হবে। সেই সাথে শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে লেখাপড়ার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। অথচ নতুন প্রজন্মকে দেশের জন্য, সমাজের জন্য যেভাবে যোগ্য করে গড়ে তোলা দরকার ছিল, তেমন কোনো কার্যকর পদক্ষেপ ক্ষমতাসীনদের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, শিশুদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ রাষ্ট্রের পক্ষ থেকে বিনামুল্যে দেয়ার ব্যবস্থা করতে হবে। স্কুলের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত ও টিফিন দেয়ার ব্যবস্থা করতে হবে। যাতে করে আগামী দিনে এই শিশুরা সুশিক্ষিত হয়ে দেশ পরিচালনা ও নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে।
তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আগামী দিনে জাতির নেতৃত্বের জন্য নৈতিক দিক থেকে, সততার দিক থেকে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মানসিকতা ও ভালো কাজে মানুষকে অনুপ্রাণিত করতেই আমাদের আজকের এই আয়োজন। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে তাতে আগামী দিনে দেশ ও জাতির পরিচালনাকারী নেতৃত্বের যোগ্য ব্যক্তি করে গড়া সম্ভব নয়। সন্তানদের সু-সন্তান হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে ইসলাম শিক্ষা দেয়া দরকার। আল্লাহ ও তার রাসূল, কুরআন, বাবা-মার কথা শোনা, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলাসহ নৈতিক আচরণ শেখাতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি
এমআর





