আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দল আমন্ত্রণ পাচ্ছে। এমনটিই জানালেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মণি বলেন, ‘‘সম্মেলনে যোগদানের জন্য ১৫-২০টি বিদেশি রাষ্ট্রকে আমন্ত্রন জানানো হয়েছে। দেশের সকল রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রন জানানো হবে।। তবে জামায়াতে ইসলামী ছাড়া।
“আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক হয়েছে। আমরা এই সম্মেলনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে করে যাচ্ছি।’’ বলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:) ফারুক খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ সামাদ প্রমুখ ।
এআই/ ইআর





