সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ (এইচ.এম) এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৭ জুলাই)।  

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী জানিয়েছেন, ওই দিন বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে।

আজ (১৪ জুলাই) রোববার সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এরশাদ। এসময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।  

তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

আজ (১৪ জুলাই) বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে এরশাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ধর্মীয় শিক্ষক আহসান হাবীব।

খন্দকার জালালী জানান, মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে এরশাদের লাশ রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হবে। ওই দিন বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন এইচ এম এরশাদ।

এইচ.এম এরশাদ ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তাঁর পরিবার রংপুর চলে আসেন।

এমবি