নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবীতে দেশব্যাপী জনসংযোগের অংশ হিসেবে শনিবার নাটোর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
আগামী ১ নভেম্বর শনিবার নাটোরে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে ২০ দলীয় জোটের এই জনসভা অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানস্থ নিজ বাসভবন থেকে নাটোরের উদ্দেশে রওনা হবেন।
তিনি আশুলিয়া হয়ে টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে নাটোর জেলা সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখান থেকে তিনি পৌনে ৪টার দিকে নাটোর নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে খালেদা জিয়া রাতেই ঢাকায় ফিরার কথা রয়েছে।
জনসভার প্রস্তুতির বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য টাইমনিউজবিডিকে বলেন, আমাদের প্রস্তুতি শেষ। নাটোরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। জনসভায় ৫ লক্ষ লোকের জনসমাগমের টার্গেট নিয়ে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি।
উল্লেখ্য, নাটোরের এই জনসভা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তিতে তারিখ পরিবর্তন করে ১ নভেম্বর করা হয়।
এমএইচ





