খাদ্যমন্ত্রী এ্যডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অনেকে আমাদের পুলিশের নামে বিভ্রান্তিমূলক কথা বললেও জনগণকে আমাদের পুলিশ বাহিনীর প্রতি আস্থা রাখতে হবে এবং তাদের কাজে সহযোগিতা করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এ্যভিনিউতে দলের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আমাদের পুলিশ বাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারণেই আজ দক্ষিণ বাংলায় কোন সর্বহারা নেই। তাই আমাদের পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও সমর্থন রাখতে হবে।
কামরুল আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জঙ্গীবাদের নামে দেশকে অস্থিশীল করা হচ্ছে। আমরা জঙ্গী দমনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এজন্য পৃথিবীর অন্য সকল দেশ যে পন্থায় জঙ্গী দমন করছে আমরাও ঠিক একই পন্থা অবলম্বন করছি।
মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানসহ মহানগর নেতৃবৃন্দ।
এমআইএস/ইআর





