কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশের মানুষের কাছে ভারতের গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোটায়। মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে আমাদের কাছে ভারতের গ্রহণযোগ্যতা হিমালয়ের চেয়েও উঁচুতে গিয়েছিল। কিন্তু গত কয়েক বছরে ভারতের কর্মকাণ্ডের ফলে ভারতবিরোধী মনোভাব প্রবল হয়েছে।’
রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচির ৬২তম দিন সোমবার সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘গত বছরের ৫ জানুয়ারি ন্যাক্কারজনক ভোটারবিহীন নির্বাচনী নাটক ভারতের মহাত্মকে ক্ষত-বিক্ষত করেছে। বিনাভোটের জবরদখল সরকারকে ভারত যেভাবে সমর্থন দিয়েছে, তা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি।’
তিনি বলেন, ‘ভারতের প্রতি মানুষের মনোভাব কোন পর্যায়ে নেমে এসেছে তা ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলার দিনে স্পষ্ট হয়েছে। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিজয়ে এদেশের মানুষ যে বিজয়োল্লাস করেছে তা গ্রিনেসবুকে স্থান পাওয়ার মতো। অথচ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের কোথাও একটা পটকাও ফোটেনি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করে দেশ ও মানুষ বাঁচানোর দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন কাদের সিদ্দিকী। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মতিঝিলের ফুটপাথে এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন।
কাদের সিদ্দিকীর সঙ্গে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, হাবিবুন নবী সোহেল, আতিকুর রহমান, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপ, কাওসার জামান খান প্রমুখ।
এএইচ





