আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগকে বাঁকা আঙ্গুলের ভয় দেখিয়ে লাভ নেই। আঙ্গুল বাঁকা করার আগে নিজের আঙ্গুল সোজা করে নিন।

সোজা আঙ্গুলে না হলে  আঙ্গুল বাঁকা করতে হবে- বৃহস্পতিবার বিকালে নীলফামারীতে খালেদা জিয়ার দেয়া এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, আওয়ামী লীগ সস্তার দল নয়। হঠাৎ করে আকাশ থেকে পড়ে নাই। এই দলের ইতিহাস ঐতিহ্য রয়েছে। যদি এ দলের বিরুদ্ধে লাগেন তাহলে তা আপনার উপর বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। আপনার নেতাকর্মীরাই তো নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে, আগে তাদেরকে সামলান, তারপর সরকারের বিরুদ্ধে লাগার চিন্তা করুন।

লতিফ সিদ্দীকিকে গ্রেফতারের দাবিতে ইসলামী দলগুলোর ডাকা ২৬ অক্টোবরের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বিএনপি-জামায়াতের মদদে যে হরতাল ডেকেছেন তা প্রত্যাহার করুন। আপনারা যে ইস্যু নিয়ে হরতাল ডেকেছেন। তা এখন ডেড ইস্যু। এটা নিয়ে রাজনীতি করার আর কোন সুযোগ নেই।

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ।

এমআর, কেবি