দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যায় মানুষের জীবনহানীতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ভয়াবহ বন্যার ন্যায় প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানী, হাজার হাজার বাড়ীঘর বিধ্বস্ত, ফসলী জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপন্ন বন্যাকবলিত মানুষদের প্রতি দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত।
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ঔষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এই রকম বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রান তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, সরকারের সর্বনাশা নীতির কারনেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা দেশবাসীকে চরম সংকটের দিকে ঠেলে দিবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, এটা সত্য যে, ষড়ঋতুর এই দেশে কষ্টসহিষ্ণু মানুষ যুগযুগধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। এবারেও শত প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যাকবলিত সংশ্লিষ্ট জেলাগুলোর উপদ্রুত মানুষ সংকট নিরসনে সামনের দিকে এগিয়ে যাবে।
ঢাকা, এমএইচ, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





