মুসলমানদের ধর্ম নিয়ে যুক্তরাষ্ট্রে আব্দুল লতিফ সিদ্দিকীর করা মন্তব্যের কারণে মন্ত্রীসভা থেকে তাকে অব্যহতি দেয়া হয়েছে। এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের পদ থেকেও লতিফ সিদ্দিকীকে বহিস্কারের সিদ্ধান্ত নিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের শেখ হাসিনা তার এ সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় লন্ডন থেকে সরসারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানের বিজি-০৬১ ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশে ফেরেন।

সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে রওনা দেবে বিমানটি।

উল্লেখ্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান করতে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। অধিবেশন শেষে সোমবার নিউইয়র্ক থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। দুই দিন লন্ডনের সেন্ট্রাল হোটেল হিল্টন অন পার্ক লেইনে অবস্থান করেন।সেখান থেকে সরাসরি বৃহস্পতিবার তিনি দেশে ফিরে আসেন।

এমআর